টানা বৃষ্টি আর উজানের ঢলে বিপর্যস্ত সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। সিলেটের বিভিন্ন নদ-নদীর পানি কমায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বন্যার্ত মানুষেরা। বন্যা পরিস্থিতির উন্নতি হওয়াতে শর্ত সাপেক্ষে সিলেটের বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হয়েছে।
সোমবার (২৪ জুন) সকাল ৯টায় পানি উন্নয়ন বোর্ডের তথ্যানুযায়ী, সুরমা নদীর সিলেট পয়েন্টে বিপৎসীমার ৩২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে৷
তবে, সুরমা ও কুশিয়ারা বাকি ৪ পয়েন্টে পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে সুরমার কানাইঘাট পয়েন্টে বিপৎসীমার ১৯ সেন্টিমিটার কুশিয়ারা নদী আমলশিদ পয়েন্টে ৩৩ সেন্টিমিটার ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ৯৮ সেন্টিমিটার শেরপুর পয়েন্টে ৬ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
জেলায় গত ২৪ ঘন্টায় মাত্র ৫১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ২৮ তারিখ থেকে দেশে ও চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, আবারও ভারি বৃষ্টি হলে মানুষের দুর্ভোগ বাড়বে। পানি কমতে শুরু করায় আশ্রয় কেন্দ্র থেকে কাঁদাপানি থাকা সত্ত্বেও বসতভিটায় গিয়ে উঠতে শুরু করেছে মানুষ।







