সোমালি অভিবাসীদের ‘আবর্জনা’ বলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যকে ‘বর্ণবাদী ও ঘৃণ্য’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রগতিশীল কংগ্রেস সদস্য ইলহান ওমর। সোমালি সম্প্রদায়কে লক্ষ্য করে ট্রাম্পের এই আক্রমণাত্মক মন্তব্য রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা তৈরি করেছে।
আজ ৩ ডিসেম্বর বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, এক মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প সোমালি অভিবাসীদের ‘গার্বেজ’ অর্থাৎ ‘আবর্জনা’ বলে উল্লেখ করেন এবং দাবি করেন, এই ধরনের মানুষ যুক্তরাষ্ট্রকে নষ্ট করছে। তিনি বলেন, আমরা ভুল পথে চলে যাচ্ছি, কারণ আমরা দেশে আবর্জনা ঢুকতে দিচ্ছি। ইলহান ওমর আবর্জনা, তার বন্ধুরাও আবর্জনা।
ট্রাম্পের মন্তব্যের জবাবে ইলহান ওমর সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেন, তার আমার প্রতি আসক্তি সত্যিই ভীতিকর। আমি আশা করি তিনি প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা পাবেন। ট্রাম্পের এই বর্ণবাদী প্রচারণা কেবল রাজনৈতিক উদ্দেশ্যেই নয়, বরং যুক্তরাষ্ট্রে বসবাসরত সোমালি সম্প্রদায়কে সরাসরি লক্ষ্য করে ঘৃণা ছড়াচ্ছে।
সম্প্রতি ওয়াশিংটন ডিসিতে দুই ন্যাশনাল গার্ড সদস্য হত্যার ঘটনায় আফগান বংশোদ্ভূত এক ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে—এই ঘটনার পর থেকে ট্রাম্প অভিবাসন নিয়ে আরও আগ্রাসী বক্তব্য দেওয়া শুরু করেন। তিনি দাবি করছেন, ‘থার্ড–ওয়ার্ল্ড দেশ’ থেকে আগত অভিবাসীরাই যুক্তরাষ্ট্রে নিরাপত্তা সংকট তৈরি করছে। এর ধারাবাহিকতায় তিনি সোমালি সম্প্রদায়কে লক্ষ্য করে অভিযোগ তোলেন যে, তারা যুক্তরাষ্ট্রে কাজ না করে শুধু অভিযোগ করে এবং দেশকে কোনোভাবে সাহায্য করছে না।
উল্লেখ্য, গৃহযুদ্ধের সময় শিশু বয়সে সোমালিয়া থেকে শরণার্থী হিসেবে পালিয়ে আসা ইলহান ওমর মার্কিন কংগ্রেসে নির্বাচিত প্রথম সোমালি–আমেরিকান। তিনি মিনেসোটার যেই জেলার প্রতিনিধিত্ব করেন, সেটি যুক্তরাষ্ট্রের অন্যতম বড় সোমালি–অভিবাসী অধ্যুষিত অঞ্চল।








