কেএনএফ’র পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে বান্দরবানে সেনাসদস্য নিহত

A scenic view of green mountains surrounded by dense trees, captured during daytime in Bangladesh. Channel i News – চ্যানেল আই নিউজ
বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণে গিয়ে কেএনএফ সন্ত্রাসীদের বিক্ষিপ্তভাবে পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে নিহত হয়েছেন সেনাবাহিনীর এক সৈনিক মোন্নাফ হোসেন রাজু (২১)।
গতকাল শুক্রবার (১৬ জুন ) দুপুর দেড়টায় বান্দরবানের রুমা উপজেলার ছিলোপি পাড়ায় এই ঘটনা ঘটে। আইএসপিআর সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সেনাবাহিনীর টহল দল ছিলোপি পাড়া টিওবি থেকে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণের জন্য পাইনুম পাড়া এলাকায় যাওয়ার পথে ক্যাম্প থেকে প্রায় ৪০০ মিটার দূরে কেএনএফ সন্ত্রাসীদের বিক্ষিপ্তভাবে পুঁতে রাখা আইইডি বিস্ফোরণের শিকার হয়। বিস্ফোরণে সৈনিক মোন্নাফ হোসেন রাজু এবং সৈনিক মোঃ রেজাউল (২৪) শরীরের বিভিন্ন অংশে স্প্লিন্টারের আঘাতে গুরুতর আহত হন।
চিকিৎসার জন্য জরুরী ভিত্তিতে বিমান বাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে তাদের চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে চিকিৎসারত অবস্থায় রাজু মারা যান।
সেনাসদস্যের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় নিয়োজিত কার্যক্রমের পাশাপাশি পাহাড়ী জনগোষ্ঠিীদের মানবিক সহযোগিতা প্রদান করতে গিয়ে সেনাসদস্যের এই সর্বোচ্চ ত্যাগ জাতি শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে বলে তিনি মত প্রকাশ করেন।






