টি-টুয়েন্টিতে আইসিসির বর্ষসেরার খেতাব জিতেছেন ভারতের পেসার আর্শদীপ সিং। টেস্টে বর্ষসেরার খেতাব গেল তার সতীর্থের ঝুলিতে। ২০২৪ পঞ্জিকাবর্ষে দুর্দান্ত পারফর্ম করে লাল বলের বর্ষসেরা নির্বাচিত হয়েছেন পেসার জাসপ্রীত বুমরাহ।
সোমবার সাদা পোশাকের ক্রিকেটে ছেলেদের বর্ষসেরা হিসেবে ভারতীয় তারকার নাম জানিয়েছে আইসিসি।
২০২৪ সালে টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারি বুমরাহ। ১৩ ম্যাচে ৭১ উইকেট নেন তারকা পেসার। এক পঞ্জিকাবর্ষে চতুর্থ ভারতীয় এবং ১৮তম বোলার হিসেবে ৭০-এর বেশি উইকেট নিয়েছেন। বুমরাহ’র আগে ভারতের রবীচন্দ্রন অশ্বিন, অনিল কুম্বলে এবং কপিল দেব ৭০-এর বেশি উইকেট নিয়েছিলেন।
হোম এবং অ্যাওয়ে দুটিতেই দারুণ করেছেন বুমরাহ। বছরজুড়ে ৩৫৭ ওভার বল করে চোখধাঁধানো ইকোনমি ২.৯৬ রেখেছিলেন। যা টেস্ট খেলার দ্রুত রান সংগ্রহের যুগের ছক ভেঙে দিয়েছে। ৭০-এর বেশি উইকেট পাওয়া আগের ১৭জন বোলারের কেউ বুমরাহ’র মতো কম রান খরচায় উইকেট পাননি।








