‘অনেক দিন পর নানী বাড়িতে এসেছি’ এই আবেগী বক্তব্য দিয়ে দিনাজপুরে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে দিনাজপুর জেলার বিরামপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি ধানের শীষে ভোট চান।
জনসভায় তারেক রহমান বলেন, আপনারা কী খাওয়াবেন আর কী দেবেন, বলেন! এ জেলায় ভালো ধান ফলে। তাই নানির বাড়ির এলাকার বিখ্যাত ধান—অর্থাৎ ধানের শীষে ভোট চাইতে এসেছি। নাতি হিসেবে নানির বাড়ির মানুষের কাছে একটাই আবদার—ধানের শীষে ভোট দিন।
তিনি দিনাজপুরকে কৃষিপ্রধান অঞ্চল উল্লেখ করে বলেন, এ এলাকার বিখ্যাত লিচু ও আম প্রক্রিয়াজাত করে বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হবে। লিচু সংরক্ষণের জন্য হিমাগার নির্মাণ এবং কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার প্রতিশ্রুতিও দেন তিনি।
তারেক রহমান বলেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে মানুষ নিরাপদে চলাফেরা, চাকরি ও ব্যবসা করতে পারবে। মুসলমান, হিন্দু, আদিবাসী, বৌদ্ধ, খ্রিষ্টান—সবাই বিচার পাবে মেধা ও যোগ্যতার ভিত্তিতে। পরিচয় হবে যোগ্যতা দিয়ে, ধর্ম দিয়ে নয়।
তিনি আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের পথ ধীরে ধীরে সামনে এসেছে। জনগণের ভোট ও সমর্থন নিয়ে দেশ পুনর্গঠনের আহ্বান জানান তিনি।
বিএনপি সরকার গঠন করলে বেকার সমস্যা দূরীকরণে কর্মসংস্থান সৃষ্টি, দক্ষ জনশক্তি গড়ে তোলা, নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ড চালু এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তারেক রহমান।
দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় দিনাজপুর-৬ আসনে বিএনপির প্রার্থী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ দিনাজপুরের বিভিন্ন আসনের বিএনপি প্রার্থীরা বক্তব্য দেন।
প্রায় পৌনে এক ঘণ্টা বক্তব্য শেষে তারেক রহমান দিনাজপুরের ছয়টি আসনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।







