শীর্ষ ধনীদের দলে যোগ দিতে এখন কমপক্ষে ৫ দশমিক ৮ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ৬৪ কোটি টাকার প্রয়োজন। যা গত এক বছরের তুলনায় প্রায় ১৫ শতাংশ বেশি। এমনটাই জানানো হয়েছে যুক্তরাজ্যের গ্লোবাল রিয়েল এস্টেট কনসালটেন্সি অ্যান্ড এস্টেট এজেন্সির সদর দপ্তর থেকে।
এনডিটিভি জানিয়েছে, বিশ্বের শীর্ষ ৫০০ জন ধনী ব্যক্তি গত বছর তাদের সম্মিলিত সম্পদে আরও ১ দশমিক ৫ ট্রিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ১৬৫ লাখ কোটি টাকা যোগ করেছে। এর মধ্যে টেসলা প্রধান ইলন মাস্ক যোগ করেছেন সবচেয়ে বেশি টাকা। ফলে বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় প্রবেশ করা কঠিন হয়ে উঠছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ও অন্যান্য বাজারগুলো ধনী এবং দরিদ্র দেশের ব্যবধানকে প্রশস্ত করে তুলছে।
এমনকি ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ, কোভিড মহামারী, খাদ্যের দাম বৃদ্ধি সত্ত্বেও সম্পদ বৃদ্ধি করতে চাপ অনুভব করেনি বিশ্বের শীর্ষ ৫০০ জন ধনী ব্যক্তি। যদিও এই বিষয়গুলো বিশ্বব্যাপী সমস্যার সৃষ্টি করেছিল। দরিদ্র দেশগুলো বিভিন্ন পণ্য আমদানি করতে ধারের খরচ বেড়ে যাওয়ায় কঠোরভাবে ক্ষতিগ্রস্থ হয়েছিল।







