দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। কমার মাত্র দুদিন পর প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এর ফলে সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম বেড়ে প্রায় ২ লাখ ২৫ হাজার ৭০০ টাকায় পৌঁছেছে।
আজ (৫ জানুয়ারি) সোমবার থেকে নতুন এই দাম কার্যকর হবে উল্লেখ করে রোববার বাজুস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি বা পিওর গোল্ডের দাম বৃদ্ধির প্রভাবেই স্থানীয় বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস ডট অর্গের তথ্য অনুযায়ী, বৈশ্বিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৩৩২ ডলারে।
নতুন দর অনুযায়ী দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকায়। ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৪ হাজার ৫৮ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ধরা হয়েছে ১ লাখ ৫৩ হাজার ৩২৩ টাকা।
এদিকে স্বর্ণের দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৫৪০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৩০৭ টাকায়, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম নির্ধারিত আছে ৩ হাজার ৩৮৩ টাকা।
এর আগে গত ১ জানুয়ারি বাজুস প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ১ হাজার ৪৫৮ টাকা কমানোর ঘোষণা দিয়েছিল। সে সময় ভালো মানের স্বর্ণের দাম নেমে এসেছিল ২ লাখ ২২ হাজার ৭০০ টাকায়। তবে মাত্র দুদিনের ব্যবধানে আবারও ঊর্ধ্বমুখী হলো দেশের স্বর্ণের বাজার।








