এখনই সব উত্তর দিতে না পারলে ফিফার সভাপতি হওয়ার ‘যোগ্য নন’ ইনফান্তিনো

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের কাছে বিক্রির পরিকল্পনা সামনে এলে সদস্য দেশগুলোর ক্ষোভের মুখে পড়েছিলেন জিয়ান্নি ইনফান্তিনো। ক্ষোভের আগুন পুরোপুরি মেটেনি, তাকে নিয়ে চলছে নানা চর্চা। এরমাঝেই বিষয়টি নিয়ে ফিফা কাউন্সিলে দুঃখপ্রকাশ করেছেন সংস্থার সভাপতি। ভুল স্বীকার করলেও মূল প্রশ্নগুলোর কোন জবাব দেননি ইনফান্তিনো, গোপন রেখেছেন গুরুত্বপূর্ণ আর্থিক নথিপত্রও।
সুইজারল্যান্ডের জুরিখে ফিফা সদর দপ্তরে দীর্ঘ সাড়ে তিন ঘণ্টার এক বৈঠকে বসেছিলেন গভর্নিং বোর্ডের ৩৭ সদস্য। ফিফার বর্তমান সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে নানা অনিয়ম নিয়ে সেখানে প্রশ্ন ওঠে। বাইরের বিনিয়োগকারীদের কাছে ফিফার স্বত্ব বিক্রির পরিকল্পনা বিষয়েও জানতে চান গভর্নিং বোর্ডের সদস্যরা। তবে সব প্রশ্ন এড়িয়ে ফিফার সভাপতি বৈঠক তো পার করে দেন, কিন্তু গণমাধ্যামের মুখোমুখি হতে অস্বীকৃতি জানান।
তবে বাণিজ্যিক স্বত্ব বিক্রির পরিকল্পনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, ‘এটি কেবল একটি প্রস্তাব ছিল এবং কোনভাবেই চূড়ান্ত কোন চুক্তি ছিল না। যার মূল উদ্দেশ্য ছিল বিদ্যমান সহায়তার বিকল্প হিসেবে নয়, বরং ফিফাকে সদস্য সংস্থাগুলোর পেছনে আরও বেশি বিনিয়োগ করতে সক্ষম করে তোলা।’
অন্যদিকে ফিফার সহ-সভাপতি ডেবি হিউইট বৈঠক প্রসঙ্গে জানিয়েছেন, ‘কাউন্সিলের উন্মুক্ত বৈঠকে অনেক প্রশ্নের কোন উত্তর দেননি ইনফান্তিনো। হতাশার অন্যতম বিষয় হল, আমরা সুনির্দিষ্টভাবে যা যা চেয়েছিলাম তার কোন জবাব পাইনি। যেমন এফএফই সংক্রান্ত কাগজপত্র পাওয়া। বারবারই এই কাগজপত্রগুলো প্রকাশ্যে আনার অনুরোধ জানিয়েছি। আবারও এই অনুরোধের পরও তিনি সেগুলো দেননি।’
ইনফান্তিনো ফিফার সভাপতি হওয়ার যোগ্যতা রাখেন কিনা এমন প্রশ্নে হিউইট বলেছেন, ‘আমাদের সব প্রশ্নের উত্তর দিতে হবে। যদি তিনি এখনই সেগুলোর উত্তর না দেন, তিনি ফিফা সভাপতি হওয়ার যোগ্য নন। বৈঠকেও এই কথা স্পষ্ট করা হয়েছে।’





