সদস্য দেশগুলোকে বড় অঙ্কের অর্থের ‘টোপ’ দিচ্ছেন ফিফা সভাপতি

আসছে বছর ফিফা সভাপতি নির্বাচন। এর আগে বিশ্বকাপের মালিকানা বিক্রয় করতে চেয়ে বেশ সমালোচনার মুখে পড়েছেল ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনো। তাকে পদ থেকে পদত্যাগ করতে বলেছিল কয়েকটি দেশের ফেডারেশন। সেই ইস্যু কিছুটা শিথিল হলেও রেশ তেমন একটা কাটেনি। এর মাঝে ইনফান্তিনো ইঙ্গিত দিলেন, ফিফার নগদ রিজার্ভ থেকে সদস্য দেশগুলোর মধ্যে অর্থ বিতরণ করবেন।
ইংলিশ গণমাধ্যমে খবর, সোমবার নিয়ন্ত্রক সংস্থা ছয়টি মহাদেশীয় কনফেডারেশনকে চিঠি পাঠিয়েছে। তাতে আছে, ফিফা সভাপতি ইনফান্তিনোর দায়িত্বের সাথে সরবরাহ করা সম্ভব এমন সর্বোচ্চ স্তরের অতিরিক্ত তহবিল প্রদান করবেন। আনুমানিক ৪.৪ বিলিয়ন পাউন্ড অর্থ বিতরণ করবে ফিফা। উয়েফা ও কনক্যাকাফ ফিফার রিজার্ভ তহবিল থেকে ২১১টি সদস্য দেশের প্রত্যেককে ৭.৫ মিলিয়ন পাউন্ড পরিশোধের দাবি জানানোর পর এই চিঠিটি এলো।
ইনফান্তিনো বাতিল হওয়া ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) পরিকল্পনা নিয়ে ক্রমাগত চাপের মুখে পড়েছেন। যেখানে বিশ্বকাপ ও অন্যান্য প্রতিযোগিতার মালিকানা বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার প্রস্তাব দেয়া হয়েছিল।
আগামী ১৫ অক্টোবর ফিফা কাউন্সিলের বৈঠকে অর্থ বিতরণের প্রস্তাবটি তোলা হবে। ইনফান্তিনো চিঠিতে লিখেছেন, ‘আমি অর্থের পরিমাণ নিয়ে আগে থেকে কোন মন্তব্য করব না। একটি একক সংখ্যা আলোচনা শুরু করতে পারি। কিন্তু তা একটি বৈশ্বিক নীতি সম্পূর্ণ করতে পারবে না। সাম্প্রতিক বাণিজ্যিক প্রস্তাবটি (বিশ্বকাপের মালিকানা বিক্রি), এখন প্রত্যাহার করা হয়েছে। তবে তার উদ্দেশ্য ছিল ফিফাকে ফুটবলে আরও বেশি বিনিয়োগ করতে সক্ষম করা।’
চলতি মাসের শুরুতে ফুটবল অ্যাসোসিয়েশনের চেয়ার ও ফিফার সহ-সভাপতি ডেবি হিউইট বিতর্কিত পরিকল্পনা সম্পর্কিত সমস্ত নথি ইনফান্তিনোকে প্রকাশ করতে বলেন। এফএফইয়ের একটি স্বাধীন পর্যালোচনার আহ্বান জানান।
ইনফান্তিনো ২০২৭ সালের মার্চে চতুর্থবারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রতিপক্ষে লড়ার জন্য ১৮ নভেম্বরের মধ্যে মনোনয়ন পত্র জমা দিতে হবে অন্যদের।






