জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ে বন্ধ হয়ে যাওয়া নরসিংদীর ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৫ নম্বর ইউনিটটি আবার বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।
গতকাল বুধবার ১৯ অক্টোবর রাত ১০টায় এটি পুরোদমে উৎপাদন শুরু করে।
এর আগে বুধবার সকালে ইউনিটটির বিয়ারিং মেরামতের কাজ শেষ করে বিকেল ৩টায় ইউনিটটি চালু করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আবু বক্কর ছিদ্দিক।
তিনি জানান, গত ৪ অক্টোবর জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিলে হঠাৎ করে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়ে ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের ২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৫ নম্বর ইউনিটটি বন্ধ হয়ে যায়। পরে দীর্ঘ ৭ দিন পর যান্ত্রিক সমস্যার সমাধান করে গত ১০ অক্টোবর ইউনিটটি চালু করা হয়।
কিন্তু চালু হওয়ার দুই দিনের মাথায় ইউনিটটির বিয়ারিং ভেঙে গিয়ে আবারো বন্ধ হয়ে যায় ইউনিটটি। এরপর গত ৯দিন ধরে ইউনিটটির বিয়ারিং মেরামতের কাজ শেষ করে বুধবার রাত থেকে ইউনিটটি পুরোদমে উৎপাদন শুরু করে।








