রাজশাহী মহানগরীতে ঘড়িয়াল প্রজনন কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশে এটি প্রথম ও একমাত্র ঘড়িয়াল প্রজনন কেন্দ্র।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে মহানগরী জিয়া শিশু পার্ক রোডে বন বিভাগের পবা নার্সারীতে প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসাইন চৌধুরী এটি উদ্বোধন করেন।
উদ্ধোধনের সময় গাজীপুর পার্ক, গাজীপুর হতে আনা প্রাপ্তবয়স্ক ২টি ঘড়িয়াল, তার মধ্যে ১টি পুরুষ এবং ১টি স্ত্রী প্রজনন কেন্দ্রে অবমুক্ত করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক ও উপপ্রধান বন সংরক্ষক গোবিন্দ রায়, বন সংরক্ষক মোঃ ছানাউল্ল্যা পাটওয়ারী, বন সংরক্ষক মোঃ সুবেদার ইসলাম, বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রফিকুজ্জামান শাহ্, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এ. এম সালেহ রেজা, এবং আইউসিএন বাংলাদেশের প্রোগ্রাম কো-অর্ডিনেটর এবিএম সরোয়ার আলম।
ঘড়িয়াল খুবই নিরীহ উপকারী জলজ সরীসৃপ প্রাণী। এটি বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর তফসিলভুক্ত রক্ষিত প্রজাতি ও সাইটিস ভুক্ত প্রাণী। এটি বর্তমানে বিলুপ্তির ঝুঁকিতে থাকা মহাবিপদাপন্ন প্রাণী হিসেবে চিহ্নিত। একসময় বাংলাদেশের পদ্মা, মেঘনা, যমুনা ও ব্রক্ষ্মপুত্র নদীতে ঘড়িয়াল দেখা গেলেও নদী দূষণ, নদীর নাব্যতা হ্রাস, অতিরিক্ত মাছ আহরণ, অবৈধ শিকার, পাচার, ডিম নষ্ট, প্রজননে ব্যাঘাত ঘটানো ও খাদ্যে সংকটের কারণে ঘড়িয়াল এখন বিলুপ্তির পথে।








