প্রায় দুই-তৃতীয়াংশ জার্মান নাগরিক মনে করেন ১৪ বছর বয়সীদের মদ্যপান নিষিদ্ধ করা উচিত। জার্মান স্বাস্থ্য বিমা প্রতিষ্ঠান কাউফ-ম্যানিশে ক্রাংকেন-কাসে কমিশনের ফোর্সা সংস্থা দ্বারা পরিচালিত এক জরিপে জার্মানির বিভিন্ন অঞ্চল থেকে ১৮ থেকে ৭০ বছর বয়সী ১,০০০ জন অংশ নেন। এই জরিপে অংশগ্রহণকারীদের মদ্যপান সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন করা হয়।
শুক্রবার (৪ জুলাই) ডয়েচে ভেলের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।
জরিপে জানা যায়, জার্মানদের অর্ধেকেরও বেশি চান যে, বিয়ার ও ওয়াইন কেনার ন্যূনতম বয়স ১৬ থেকে বাড়িয়ে ১৮ বছর করা হোক। জার্মানিতে মদ বিক্রি কেবল ১৮ বছর বয়সীদের জন্য অনুমোদিত।। জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের ৩৫ শতাংশ এসব কিশোর কিশোরীদের মদ্য ক্রয় এবং পানে সম্পূর্ণ নিষেধাজ্ঞা চান এবং আরও এক-তৃতীয়াংশ ব্যক্তি কিছুটা বেশি নিয়ন্ত্রণ চেয়েছেন।
তবে বর্তমানে, জার্মানিতে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীরা আইনি অভিভাবকের সাথে থাকলে মদ কিনতে ও পান করতে পারে। জার্মানিতে বার, পাব ও রেস্তোরাঁ সামাজিকতা রক্ষায় গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচিত হয় এবং সেখানে প্রায়ই মদ্যপান করা হয়।
এদিকে জার্মানির ডাক্তারদের সংগঠন বহুদিন ধরেই দেশে অ্যালকোহল সেবন কমাতে স্বাস্থ্যনীতি প্রণয়নের দাবি জানিয়ে আসছে। জার্মান পুষ্টি সমিতি জানিয়েছে, পরিমিত মাত্রায় হলেও অ্যালকোহল পান স্বাস্থ্যসম্মত নয়। বিশেষ করে কিশোর-কিশোরীদের জন্য, যাদের শরীর এখনো বেড়ে উঠছে, তাদের জন্য স্বাস্থ ঝুঁকিটা আরও বেশি।
অল্প বয়সী কিশোর কিশোরীদের মদ্যপানে নিরুৎসাহ দেওয়ার ব্যাপারে জার্মান রাজনীতিবিদরাও এখন মাঠে সরব। পূর্ব জার্মানির থুরিংগিয়া রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কাথারিনা শ্যেঙ্ক সম্প্রতি এক বৈঠকে বলেন, অ্যালকোহল বিশ্বব্যাপী ব্যাপকভাবে ব্যবহৃত হয় মাদক হিসেবে, এটি শিশু ও কিশোরদের জন্য একটি বড় সমস্যা।








