ক্রিকেট

আমিরাতকে ধসিয়ে টিকে থাকল শ্রীলঙ্কা

ক্রিকেট খেলোয়াড়ের উদযাপন, ব্যাট হাতে, মাঠে, আন্তর্জাতিক ক্রিকেট. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে ব্যাটসম্যানের উদযাপন, অন্য খেলোয়াড়রা আনন্দিত, মাঠের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের প্রথমপর্বের প্রথম ম্যাচেই নামিবিয়ার কাছে অঘটনের শিকার হয়েছিল শ্রীলঙ্কা। বড় হারে এশিয়ার চ্যাম্পিয়নদের দ্বিতীয় রাউন্ডে ওঠাও পড়েছিল শঙ্কায়। শঙ্কা পুরোপুরি দূর না হলেও খানিকটা মেঘ কেটেছে। সংযুক্ত আরব আমিরাতকে ৭৯ রানে হারিয়ে সুপার টুয়েলভের আশায় আলো ফেলেছে দাসুন শানাকার দল।

জিলংয়ে ‘এ’ গ্রুপের টিকে থাকার ম্যাচটিতে শুরুতে ৮ উইকেট হারিয়ে ১৫২ রান তোলে শ্রীলঙ্কা। জবাবে ১৭.১ ওভারে ৭৩ রান তুলে থামে আমিরাত। আমিরাত লেগ স্পিনার কার্থিক মেইয়াপ্পানের হ্যাটট্রিকের দিনে ব্যাটিংয়ে ভিত গড়ে দেয়া লঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কা হয়েছেন ম্যাচসেরা।

পয়েন্ট টেবিলের হিসেব-নিকেশে টিকে থাকতে মঙ্গলবার জয়ের বিকল্প ছিল না লঙ্কানদের। বড় জয়ে রানরেটের ব্যবধান কমলেও ২ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আপাতত শানাকা-পাথুমরা। গ্রুপপর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে বড় জয় তোলার পাশাপাশি আমিরাত-নামিবিয়া ম্যাচের দিকেও চোখ রাখতে হবে তাদের। টানা দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে নেদারল্যান্ডস।

দেড়শ রান ছাড়ানো লক্ষ্যে শুরুটা ভালো হলেও তৃতীয় ওভার থেকে দুশমন্থ চামিরা, ভানিডু হাসারাঙ্গারা চেপে ধরেন আমিরাতকে। একে একে ব্যর্থ হয় দলটির টপ, মিডল ও লোয়ার অর্ডার। ৪ ওভারে মাত্র ৮ রান খরচায় ৩ উইকেট তুলে নিয়েছেন হাসারাঙ্গা। ৪ ওভারে ১৫ রানে ৩ আমিরাত ব্যাটারকে পথ দেখিয়েছেন চামিরা।

জবাবে নামা আমিরাতের ইনিংসে প্রথম ধাক্কাটি দেন চামিরা। প্রতিপক্ষ ওপেনার মোহাম্মদ ওয়াসিমকে বোল্ড করে ফেরানোর পর বেশি সময় থাকতে দেননি আরিয়ান লাকরাকেও। চামিরার সঙ্গে অন্যপাশে উইকেট তোলার মিছিলে যোগ দেন হাসারাঙ্গা। ব্যর্থ হন আমিরাতের প্রায় সবাই।

আসা-যাওয়ার দিনে আমিরাত থামে টি-টুয়েন্টি বিশ্বকাপের ইতিহাসের দশম সর্বনিম্ন ইনিংস খেলে। চামিরা-ভানিডুর তোপের দিনে সর্বোচ্চ ১৯ রান করেন আয়ান আফজাল খান। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান দশে নামা জুনায়েদ সিদ্দিকির। তিনে নামা চিরাগ সুরির ১৪ রান বাদে বাকিরা দুই অঙ্কেও পৌঁছাতে পারেননি।

আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু আনেন দুই লঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। দলীয় ৪২ রানে ১৮ করে মেন্ডিস ফিরলে ধনঞ্জয়া ডি সিলভাকে নিয়ে পঞ্চাশ রানের জুটি গড়েন নিশাঙ্কা। ২১ বলে ৩ চার ও এক ছক্কায় ৩৩ রান করে সিলভা ফিরলে ধস নামে লঙ্কান ইনিংসে।

১৫তম ওভারে কার্থিক তুলে নেন আসরের প্রথম হ্যাটট্রিক। সহযোগী দেশের খেলোয়াড় হিসেবে প্রথম ও বিশ্বকাপে পঞ্চম বোলার হিসেবে গড়েন এ কীর্তি। মাঝে ভানুকা রাজাপাকসে, চারিথ আসালাঙ্কা ও দাসুন শানকারা ব্যর্থ হলে গতি হারায় লঙ্কান ইনিংস। ৬০ বলে ৬ চার ও ২ ছক্কায় নিশাঙ্কার ৭৪ রানে শেষ পর্যন্ত দেড়শ পার করে শ্রীলঙ্কা।

হ্যাটট্রিক গড়ে ব্রেট লি-কাগিসো রাবাদাদের পাশে নাম লেখানো কার্থিক। চার ওভার হাত ঘুরিয়ে তুলে নেন তিন লঙ্কানকে। দুটি উইকেট নেন জহুর খান। আমিরাতের হয়ে একটি করে সাফল্য আনেন আয়ান ও আরিয়ান।

বিষয়:কার্থিকজিলংটি-টুয়েন্টি আরব আমিরাতটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২টি-টুয়েন্টি শ্রীলঙ্কানিশাঙ্কা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…