হত্যার হুমকির অভিযোগে রাজধানীর পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল মোহনা টিভিতে হেড অব নিউজ হিসেবে কর্মরত সাংবাদিক বোরহানুল হক সম্রাট।
সম্প্রতি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পল্লবী থানায় করা জিডিতে তিনি উল্লেখ করেন, কিছু ব্যক্তি হত্যার হুমকি এবং তার বাসা ও অফিসের সামনে অপরিচিত লোকজনের আনাগোনা দেখা যাচ্ছে।
গত বৃহস্পতিবার করা জিডিতে সম্রাট জানান, গত ৭ আগস্ট প্রথমবারের মতো তার কর্মপ্রতিষ্ঠানে (মোহনা টিভি) কয়েকজন সন্ত্রাসী আগ্নেয়াস্ত্র নিয়ে প্রবেশ করে এবং তাদের কোমরে গুঁজে রাখা আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাদের সঙ্গে যেতে নির্দেশ দেয়। তাদের নির্দেশানুযায়ী তিনি অফিস থেকে বের হয়ে নিচে নেমে আসেন। এ ঘটনার কয়েক দিন পর তিনি কানাডায় যান এবং সম্প্রতি দেশে ফিরেছেন। টেলিভিশন কর্তৃপক্ষের অনুরোধে তিনি আবার তার কর্মস্থলে যোগদান করেন।
সম্প্রতি কিছু অপরিচিত লোকজনকে প্রায়ই তার অফিসের বাইরে ঘুরে বেড়াতে দেখা যায়। অফিস সহকর্মীদের হুমকি দিয়ে তারা বলেছে, ঈদের পর গণমাধ্যমটি ছেড়ে না গেলে তাকে (সম্রাট) মেরে ফেলা হবে।
এ অবস্থায় তিনি তার এবং তার পরিবারের নিরাপত্তা বিধানের অনুরোধ জানান।








