গার্মেন্টস খুলেছে, শ্রমিকদের আইডি কার্ডই কারফিউ পাস

গার্মেন্টস কারখানায় শ্রমিকরা আইডি কার্ড দেখিয়ে কাজ শুরু করছে, স্বাস্থ্যবিধি মেনে।. Channel i News – চ্যানেল আই নিউজ
তৈরি পোশাক কারখানা (গার্মেন্টস) আজ বুধবার (২৪ জুলাই) চালু হয়েছে। কারফিউ থাকলেও পোশাক খাত-সংশ্লিষ্ট পণ্য পরিবহন করা যাবে। পোশাক শ্রমিকদের কারখানা থেকে দেওয়া কার্ডই কারফিউ পাস হিসেবে ব্যবহার করা যাবে, কার্ড দেখালেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহায়তা করবে।
গতকাল মঙ্গলবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসভবনে এ বৈঠক হয়।
বৈঠক সূত্র জানায়, পোশাক শ্রমিকদের কারখানা থেকে দেওয়া কার্ড দেখালেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহায়তা করবে। পোশাক কারখানা খোলা রাখার বিষয়ে সহায়তা দিতে সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে ইতোমধ্যে নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এছাড়া পোশাক কারখানা অধ্যুষিত এলাকায় সীমিত পরিসরে ইন্টারনেট সংযোগ চালুর বিষয়ে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সাথেও বৈঠক করেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা।






