সাংবাদিক ফারজানা রুপার মায়ের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার ১১ জুন বাদ আসর বাড়িতে হোসনে আরা বেগমের জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত সাংবাদিক ফারজানা রুপার মা হোসনে আরা বেগম (৮০) মারা যান।
চোখের জলে মাকে শেষবিদায় জানান সাংবাদিক ফারজানা রুপা। আজ বুধবার সন্ধ্যায় প্যারোলে মুক্তি পেয়ে সাংবাদিক দম্পতি ফারজানা রুপা ও তার স্বামী শাকিল আহমেদ রাত ৯টার দিকে ময়মনসিংহ সদর উপজেলার ধারিয়াকান্দা গ্রামে পৌঁছান।
জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের হত্যা মামলায় পৃথক কারাগারে বন্দী এই দম্পতিকে জানাজায় যোগ দেওয়ার জন্য সাময়িক মুক্তি দেওয়া হয় বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ উপপরিদর্শক মো. আলাউদ্দিন।
তিনি আরও বলেন, একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে এবং তার স্ত্রী সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ফারজানা রুপা গাজীপুরের কাশিমপুর কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন।







