সিরিয়ার বেসামরিক নাগরিকদের ওপর নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ফ্রান্সের একটি আদালত।
রয়টার্স জানিয়েছে, একই অভিযোগে আসাদের ভাই মাহের আল-আসাদ ও সিরিয়ার অন্য দুই জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধেও পরোয়ানা জারি করেছে দেশটি।
২০১৩ সালের আগস্টে সিরিয়ার দোমা শহর ও পূর্ব ঘৌটা জেলায় বেসামরিক নাগরিকদের ওপর রাসায়নিক হামলার অভিযোগ ওঠে আসাদের বিরুদ্ধে। এতে মারা যান এক হাজারেরও বেশি মানুষ। দীর্ঘদিনের তদন্ত শেষে বুধবার ফ্রান্সের আদালত বাশার আল-আসাদ ও অন্যদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগ এনে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
ফ্রান্সে মামলা দায়েরকারী সিরিয়ান সেন্টার ফর মিডিয়া অ্যান্ড ফ্রিডম অফ এক্সপ্রেশন (এসসিএম) এর আইনজীবী এবং প্রতিষ্ঠাতা মাজেন দারভিশ বলেছেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে এটাই প্রথম জারি করা কোনো আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা।
যদিও সিরিয়া শুরু থেকেই রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগের কথা অস্বীকার করে আসছে। কিন্তু জাতিসংঘ ও রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থার যৌথ এক তদন্তে ২০১৭ সালের এক হামলায় বিষাক্ত নার্ভ এজেন্ট সারিন ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।
তবে গ্রেপ্তারি পরোয়ানার বিষয়ে সিরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় এবং তথ্য মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোন মন্তব্য জানায়নি।







