নারায়ণগঞ্জ ফতুল্লার কুতুবপুর লাকি বাজার এলাকায় গ্যাসের লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।
সোমবার (১০ মে) সকাল ৬টার দিকে শওকত আলী গাজীর মালিকানাধীন ভাড়াটিয়া আব্দুল কাদিরের বাড়িতে এই ঘটনা ঘটে।
দগ্ধ ব্যক্তিরা হলেন- আব্দুল কাদির (৫০), তার ছেলে মো. মেহেদী (১৭), মো. সাকিব (১৬) ও মো. রাকিব (১৬)। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
আব্দুল কাদির পেশায় হালিম বিক্রেতা। স্ত্রী ঘরের বাইরে থাকায় তিনি দুর্ঘটনা থেকে বেঁচে যান।
জানা যায়, ভাড়াটিয়া আব্দুল কাদিরের ঘরে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ঘরের দরজা-জানালা ভেঙে গেছে। এতে দগ্ধ হয় আবদুল কাদিরসহ ৪ জন। তাদেরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল আলম দুলাল বলেন, গ্যাসের পাইপ লাইনের লিকেজ থেকে ঘরের ভেতরে গ্যাস জমে। যে কোন উপায়ে আগুনের স্পার্ক থেকে বিস্ফোরণ ঘটে চারজন দগ্ধ হয়েছে। তাদেরকে বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। বিষয়টি বিশেষজ্ঞরা তদন্ত করে দেখবেন।








