রবীন্দ্র পরবর্তী যুগের সবচেয়ে শক্তিশালী নাট্যব্যক্তিত্ব ড.সেলিম আল দীনের ৭৬তম জন্মদিন সোমবার (১৮ আগস্ট)। ফেনী জেলার সোনাগাজীর সেনেরখিল গ্রামে ১৯৪৯ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন।
ঔপনিবেশিক সাহিত্য ধারার বিপরীতে দাঁড়িয়ে বাংলা নাটককে আবহমান বাংলার গতিধারায় ফিরিয়ে এনেছিলেন নাট্যাচার্য সেলিম আল দীন। বাংলা নাটকে বিষয়, আঙ্গিক আর ভাষা নিয়ে গবেষণা ও নাটকে তার প্রতিফলন তুলে ধরেন তিনি।
স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলা নাটকের যে আন্দোলন, তার পেছনেও রয়েছে সেলিম আল দীনের গুরুত্বপূর্ণ ভূমিকা। তিনি প্রাচীন ও মধ্যযুগীয় বাংলা সাহিত্যের শেকড়ের সন্ধানে মগ্ন ছিলেন।
তার জন্মদিনে কাজের মাধ্যমে প্রতি বছরেই শ্রদ্ধা জানায় বিভিন্ন থিয়েটার ও শিল্পগোষ্ঠী। এবারও হয়নি ব্যতিক্রম। নানা আয়োজনে তার জন্মদিন পালন করছে ঢাকা থিয়েটার।
সোমবার থেকে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। বাংলাদেশ মহিলা সমিতিতে এই উৎসব চলবে। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
আয়োজকরা জানান, ১৭ আগস্ট মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে মুক্তিযুদ্ধের গল্পের নাটক ‘দেয়াল’। নাটকটি নির্দেশনা দিয়েছেন অনিক ইসলাম। এতে অভিনয় করবেন ঢাকা থিয়েটারের নাট্যকর্মীরা।
উৎসবের শেষ দিন মঞ্চস্থ হবে সেলিম আল দীনের ‘নিমজ্জন’ নাটকটি। এদিন নাটকটির ৯০তম মঞ্চায়ন হবে। নিমজ্জনের নির্দেশনা দিচ্ছেন নাসির উদ্দীন ইউসুফ।








