বগুড়া জেলা কারাগার থেকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত চার আসামী কারাগারের ছাদ কেটে পালিয়ে যাওয়ার ১৪ মিনিট পর পুলিশের হাতে ধরা পড়েছে।
আজ বুধবার (২৬ জুন) বেলা ১১টায় বগুড়ার পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) সুদীপ কুমার চক্রবর্তী এ তথ্য জানান।
পুলিশ সুপার জানান, মঙ্গলবার রাত ৩টা ৫৬ মিনিটে চার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী কনডেম সেলের ছাদ কেটে বের হয়ে বিছানার চাদরের সাহায্যে দেয়াল টপকে বেড়িয়ে যায়। বগুড়া জেল সুপার আনোয়ার হোসেন পুলিশকে তাৎক্ষণিকভাবে এ ঘটনা জানান। এসময় পুলিশ বগুড়া জেলখানাকে কেন্দ্র করে এক কিলোমিটার এলাকা তাৎক্ষণিকভাবে নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলে। এসময় পুলিশের এসআই খোরশেদ আলম বগুড়া কারাগার থেকে অল্প কিছু দূরে চাষী বাজার থেকে পলাতক আসামীদের আটক করে।
পালিয়ে যাওয়া দণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন কুড়িগ্রামের নজরুল ইসলাম (৬৮), নরসিংদীর মো. আমির হামজা (৪১), বগুড়ার মো. জাকারিয়া (৩৪), মো. ফরিদ শেখ (৩০)।
বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম আসামীদের পলায়ন ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।









