ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম অপুকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
আজ ১৮ আগস্ট সোমবার তাকে ঝিনাইদহ পুলিশের কাছে হস্তান্তরের পর জেলার একটি আদালতে তোলার কথা রয়েছে।রোববার রাতে ঢাকার ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ঝিনাইদহ জেলা বিএনপির অফিস ভাংচুর, অগ্নিসংযোগ, জেলা বিএনপির সভাপতির বাসভবনে অগ্নিসংযোগসহ অন্তত তিনটি মামলা রয়েছে।
এছাড়া গত বছরের ৪ঠা আগস্ট ঝিনাইদহে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলারও আসামি তিনি। এসব মামলায় শফিকুল ইসলাম অপুকে গ্রেপ্তার করার কথা জানিয়েছেন ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ঝিনাইদহে নেওয়া হচ্ছে।
শফিকুল ইসলাম অপু ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝিনাইদহ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে স্বতন্ত্র প্রার্থী তাহজীব আলম সিদ্দিকীর কাছে পরাজিত হন।
২০২৪ সালের ২৪শে মার্চ ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল হাই মৃত্যুবরণ করলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক অপুকে জেলা আওয়ামী লীগের সভাপতির শূন্য পদে দায়িত্ব দেওয়া হয়।








