কাতারের সাবেক শাসক ও ফাদার আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন। রোববার (১২ জুলাই) ৭৪ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সংবাদমাধ্যম খিলজি টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
এক বিবৃতিতে কাতারের রাজকীয় দপ্তর (আমিরি দিওয়ান) জানায়, ১৪৪৮ হিজরির ২৭ মহররম, অর্থাৎ ১২ জুলাই সকালে দেশটির ইতিহাসের অন্যতম প্রভাবশালী এই আমির মৃত্যুবরণ করেন।
শেখ হামাদ বিন খলিফা আল থানি ১৯৯৫ সাল থেকে কাতারের আমির হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৩ সালে তিনি ঐতিহাসিকভাবে ক্ষমতা ছেড়ে দিয়ে তার চতুর্থ পুত্র ও বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানি-এর হাতে শাসনভার হস্তান্তর করেন।
শোকবার্তায় আমিরি দিওয়ান জানায়, আল্লাহ যেন জাতির এই মহান নেতাকে তাঁর অসীম রহমত ও ক্ষমার চাদরে আবৃত করেন এবং নবী, সিদ্দিক, শহীদ ও নেককারদের সঙ্গে জান্নাতে মর্যাদাপূর্ণ স্থান দান করেন। তিনি দেশ, আরব বিশ্ব ও মুসলিম উম্মাহর জন্য যে অসামান্য ও স্থায়ী অবদান রেখে গেছেন, তার সর্বোত্তম প্রতিদান আল্লাহ যেন তাকে দান করেন। পাশাপাশি আমাদের সবাইকে ধৈর্য ও সান্ত্বনা দান করুন।
তার ১৮ বছরের শাসনামলে কাতারে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আয়োজন ও কূটনৈতিক ঘটনা সংঘটিত হয়। এর মধ্যে রয়েছে ২০০৬ সালের এশিয়ান গেমস, ২০১২ সালের জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন, দোহা চুক্তি, ফাতাহ-হামাস দোহা চুক্তি এবং কাতারে ২০২২ সালের ফিফা বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত।
মধ্যপ্রাচ্যে আধুনিক কাতার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে দেশটিতে শোকের ছায়া নেমে এসেছে।







