দুদকের মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি

ছবি: সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক (সংগৃহীত)
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক।
বুধবার (১১ মার্চ) বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বে হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর ফলে তার জামিনে মুক্তি পেতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী মোনায়েম নবী শাহীন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনসরুল হক চৌধুরী, মোস্তাফিজুর রহমান খান, মোতাহার হোসেন সাজু এবং আইনজীবী মোনায়েম নবী শাহীন।
গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। তার বিরুদ্ধে এ মামলা ছাড়াও আরও চারটি মামলা হয়।
এর আগে, জুলাই আন্দোলনের সময় যুবদলকর্মী হত্যা, তত্ত্বাবধায়ক সরকারের রায় জালিয়াতির চার মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে রোববার জামিন দিয়েছেন হাইকোর্ট।






