সংবিধানের বাইরে এক চুলও আওয়ামী লীগ নড়বে না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির পদযাত্রা কর্মসূচি তাদের পরাজয় যাত্রা। ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র্রের সফর শেষ করা প্রতিনিধিরা বিএনপিকে ঘোড়ার ডিম দিয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার ১৮ জুলাই বিএনপি’র সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদ শিরোনামে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ ও র্যালিতে তিনি এসব কথা বলেন।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সমাবেশটির আয়োজন করে। সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি যে পদযাত্রা করছে তা থেকে বিএনপির পরাজয় যাত্রা ও পতন যাত্রা শুরু হয়ে গেছে।
সমাবেশ শেষে শুরু হয় শান্তি ও উন্নয়নের র্যালি। র্যালিটি ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন এলাকা থেকে শুরু হয়ে শাহবাগ ঘুরে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে শেষ হয়।







