লিভারপুলকে ১-০ গোলে হারিয়ে রাতভর শিরোপা উল্লাস করেছে স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ। প্যারিসের গরম হাওয়া মাদ্রিদে পৌঁছালেও প্রিয় তারকাদের ছাড়া আনন্দটা ঠিক জমে ওঠেনি। ঘরের ছেলেরা শিরোপা নিয়ে ঘরে ফিরলেই আনন্দ মিছিলে মাতবে রিয়াল সমর্থকরা।
রেকর্ড ১৪ বার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা উঁচিয়ে ধরেছে রিয়াল মাদ্রিদ। ভিন্ন দুই ক্লাবের হয়ে শিরোপা জিতে রেকর্ড গড়েছেন কার্লো আনচেলত্তি। বেনজেমা, লুকা মদ্রিচ ও মার্সেলো পেয়েছেন পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের স্বাদ। ম্যাচ শেষে বাড়তি উন্মাদনা থাকবে এমনটাই স্বাভাবিক। হয়েছেও তাই।
মাঠে এক দফা উল্লাস করে রাতে নেচে গেয়ে, শ্যাম্পেন স্প্রে করে উদযাপন করেছে রিয়াল মাদ্রিদ। যেখানে মধ্যমণি হিসেবে ছিল ভিনিসিয়াস জুনিয়র। এমনকি দীর্ঘদিন দলে সুযোগ না পাওয়া গ্যারেথ বেলকেও দেখা গেছে শিরোপা উদযাপনে ব্যস্ত থাকতে। উদযাপনের সেই ভিডিও রিয়াল মাদ্রিদের ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে। যেখানে কথা বলেছেন রিয়াল ফুটবলার আলবা।
‘এই মুহূর্তটি ভীষণ আনন্দের। আমি সবার প্রতি কৃতজ্ঞ। এটি আমাদের জন্য একটি অবিশ্বাস্য মৌসুম ছিল। এই দলের প্রতি আমাদের বিশেষ ভালবাসা রয়েছে। এই গল্পের অংশ হতে পেরে আমি সত্যিই খুব আনন্দিত।’
তবে এখনো আসল উদযাপন বাকি রিয়াল মাদ্রিদের। ট্রফির আসায় মাদ্রিদে অপেক্ষায় রয়েছে হাজারো সমর্থক। সেখানে পৌঁছে মাদ্রিদ শহরে হাজারো সমর্থকদের নিয়ে আনন্দ মিছিল নামবে কার্লো আনচেলত্তির দল।







