যুক্তরাষ্ট্র দূতাবাস এডুকেশনইউএসএ প্ল্যাটফর্মের মাধ্যমে আজ শুক্রবার (১ মার্চ) বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত রাজধানীর ইএমকে সেন্টারে বিশ্ববিদ্যালয় মেলার আয়োজন করেছে।
এমব্রি-রিডল অ্যারোনটিক্যাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ নর্দার্ন আইওয়া, নিউইয়র্ক ইনস্টিটিউট অফ টেকনোলজি, ইউনিভার্সিটি অফ টেক্সাস আর্লিংটন এবং দ্য শিকাগো স্কুলের পাঁচজন প্রতিনিধি এই মেলায় অংশ নেন। যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণে বাংলাদেশি শিক্ষার্থীদের আগ্রহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় এই ছয় প্রতিনিধি বাংলাদেশে আসেন।
বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য এই মেলা ছিল বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিদের সাথে ভর্তিতে প্রয়োজনীয় কার্যক্রম এবং বৃত্তির সুযোগ নিয়ে কথা বলার এক অনন্য সুযোগ। কীভাবে একটি অসাধারণ আবেদনপত্র জমা দেওয়া যায়, সে বিষয়েও পরামর্শ পান শিক্ষার্থীরা। এছাড়াও অনুষ্ঠানে এফ-ওয়ান স্টুডেন্ট ভিসা প্রক্রিয়া সম্পর্কে যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তা এবং এডুকেশনইউএসএ উপদেষ্টাদের নেতৃত্বে তথ্য সেশনের আয়োজন করা হয়। দূতাবাসের ভারপ্রাপ্ত ডেপুটি চীফ নেথান ফ্লুক মিনি-ফেয়ারে শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের স্বাগত জানান।
এডুকেশনইউএসএ ৪৩০টিরও বেশি পরামর্শ কেন্দ্রের একটি বৈশ্বিক নেটওয়ার্ক। এটি যুক্তরাষ্ট্রে লেখাপড়া নিয়ে সঠিক, হালনাগাদ এবং বিস্তারিত তথ্যের একমাত্র সরকারী উৎস। এডুকেশনইউএসএ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পরামর্শ কেন্দ্র থেকে যুক্তরাষ্ট্রে অধ্যয়নের সুযোগ সম্পর্কে বিনামূল্যে তথ্য পাবার সুবিধা দেয়। নিচে তালিকাভুক্ত আমেরিকান স্পেসের প্রশিক্ষিত উপদেষ্টারা ভার্চুয়াল এবং ব্যক্তিগত তথ্য অধিবেশন পরিচালনা করেন। সেখানে বিনামূল্যে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য একক এবং দলগত পরামর্শ সেবা দেওয়া হয়:
• আমেরিকান সেন্টার, যুক্তরাষ্ট্র দূতাবাস, বারিধারা, ঢাকা;
• এডওয়ার্ড এম কেনেডি (ইএমকে) সেন্টার, গুলশান, ঢাকা;
• আমেরিকান কর্নার চট্টগ্রাম (১/এ ও আর নিজাম রোড প্রবর্তক সার্কেল) চট্টগ্রাম;
• আমেরিকান কর্নার রাজশাহী (পবা, খড়খড়ি বাইপাস রোড) রাজশাহী;
• আমেরিকান কর্নার সিলেট (শামিমাবাদ, বাগবাড়ী) সিলেট; এবং
• আমেরিকান কর্নার খুলনা (শিববাড়ি মোড়) খুলনা।







