ওমানের সালালায় চলতি ফাইভ এ সাইড এশিয়া কাপ হকিতে অংশ নিয়েছে বাংলাদেশ নারী হকি দল। প্রথম ম্যাচে হারের স্বাদ পেলেও পরের দুটিতে টানা জয়ের দেখা পেয়েছে হকির টিম টাইগ্রেস।
শনিবার সকালে ইরানের বিপক্ষে ৯-৩ গোলের বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশ। ম্যাচ সেরা হয়েছেন বিজয়ী দলের আইরিন রিয়া। আজ রাতেই হংকংয়ের বিপক্ষে বাংলার মেয়েরা আরেকটি ম্যাচ খেলবে।
নিজেদের প্রথম ম্যাচে গত শুক্রবার ইন্দোনেশিয়ার বিপক্ষে হেরে লাল-সবুজের দল আসর শুরু করে। ওই ম্যাচে বাংলাদেশের অর্পিতা পাল ম্যাচসেরার পুরস্কার জিতেছিলেন।

একইদিন চাইনিজ তাইপের বিপক্ষে ১০-৫ গোলে জয় পায় বাংলাদেশ। আইরিন রিয়া হন ম্যাচসেরা।
এশিয়ান হকি ফেডারেশনের ইউটিউব চ্যানেলে টুর্নামেন্টের সব খেলা সরাসরি সম্প্রচারিত হচ্ছে। ২৮ আগস্ট ফাইনাল ম্যাচ দিয়ে আসরের পর্দা নামবে। এরপর ২৯ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর ওমানের সালালাতেই হবে ছেলেদের ফাইভ এ সাইড এশিয়া কাপ।







