বরিশাল নগরীতে এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। স্থানীয়দের দাবি, চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে।
আজ (১৫ মে) শুক্রবার ভোররাতে নগরীর ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর তিন রাস্তার মোড়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।নিহত ব্যক্তি বাবু শিকদার (৩০)। তিনি ওই এলাকার কালাম শিকদারের ছেলে এবং দুই সন্তানের জনক। ঘটনার সময় স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় বাবু শিকদারকে উদ্ধার করে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনদের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্থানীয় কিশোর গ্যাংয়ের চিহ্নিত সদস্য মধু ওরফে টোকাই মধু বাবুর কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শুক্রবার ফজরের আগে টোকাই মধুর নেতৃত্বে তার ওপর হামলা চালানো হয়। এসময় হামলায় আরও কয়েকজন সদস্য জড়িত ছিল বলে অভিযোগ পাওয়া গেছে। তাদের মধ্যে রয়েছে ভাটিখানা এলাকার হাতকাটা রেদওয়ান, তালতলী মাছ বাজারের রুবেল ওরফে খাটো রুবেল, ফকির রাজু, সাজ্জাদ ও সৈকত।
এই বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সনজিত চন্দ্র নাথ জানান, কিশোর গ্যাংয়ের হামলায় এ হত্যাকাণ্ড ঘটেছে। তবে এর পেছনে মাদক সংশ্লিষ্টতার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।








