ইন্দোনেশিয়ায় ২৭১ আরোহী নিয়ে চলাচলকারী একটি যাত্রীবাহী ফেরিতে সমুদ্রে আগুন লাগার ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও ৪১ জন নিখোঁজ রয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।
রোববার ২ অগাস্ট সংবাদমাধ্যম বিবিসি নিউজ এই তথ্য জানায়।
দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা বাসারনাস জানায়, পূর্ব জাভার দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়া থেকে দক্ষিণ সুলাওয়েসির মাকাসারের উদ্দেশে যাত্রার সময় মাদুরা দ্বীপের উপকূলে ফেরিটিতে আগুন লাগে। এ সময় জাহাজের ক্যাপ্টেন আগুন লাগার বিষয়টি কর্তৃপক্ষকে জানান।
স্থানীয় সংবাদমাধ্যম আইনিউজ এ প্রচারিত ভিডিওতে দেখা যায়, লাইফ জ্যাকেট পরিহিত বিপুলসংখ্যক যাত্রী একটি লাইফবোটে আশ্রয় নিয়েছেন।
আরও কয়েকটি ভিডিওতে দেখা যায়, ফেরিটির ওপরের অংশ থেকে আগুনের শিখা ও ঘন ধোঁয়া বের হচ্ছে। এ সময় যাত্রীদের ফেরি থেকে নিচে নেমে আসতে দেখা যায়।







