কাশ্মীরে সেনাবাহিনীর গাড়িতে ভয়াবহ আগুনে ৫ সেনার মৃত্যু

কাশ্মীরে সেনাবাহিনীর গাড়িতে ভয়াবহ আগুনের ঘটনা, নিহত সেনারা ঘটনাস্থলে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভারতের জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় ভারতীয় সেনাবাহিনীর একটি গাড়িতে আগুন লেগে পাঁচ সেনা সদস্য মর্মান্তিকভাবে নিহত এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকাল ৩টার দিকে এই ঘটনা ঘটে। গাড়িটি ভিমবের গালি থেকে সাঙ্গিয়োটের দিকে যাচ্ছিল। পুঞ্চ থেকে ওই জায়গাটি প্রায় ৯০ কিলোমিটার দূরে বলে জানা যায়। খবর এনডিটিভি।
ভারতীয় প্রতিরক্ষামন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেনান্ট কর্নেল দেবেন্দর আনন্দ এ তথ্য জানিয়ে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, সম্ভবত ভাটা ধুরিয়ান এলাকায় আচমকাই প্রচন্ড বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়েছিল। আর তাতেই আগুন ধরে যায় আর্মির গাড়িতে।
দেবেন্দর আনন্দ আরও জানান, দুপুর তিনটে নাগাদ ভারতীয় সেনার একটা গাড়িতে আগুন ধরে যায়। এই মর্মান্তিক দুর্ঘটনায় পাঁচজন সেনার মৃত্যু হয়েছে। একজন জখম হয়েছেন। ১৩ সেক্টর রাষ্ট্রীয় রাইফেলসের কমান্ডার দ্রুত ঘটনাস্থলে যান।
শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ‘পুঞ্চ জেলায় ট্র্যাজেডির কারণে আমরা ব্যথিত, যেখানে ভারতীয় সেনাবাহিনী একটি ট্রাকে আগুন লেগে তার সাহসী সৈন্যদের হারিয়েছে।’
গত বছর কাশ্মীরের কাছে কাটরাতে তীর্থযাত্রী বোঝাই একটা বাসে আচমকা আগুন ধরে যায়। সেই সময় চারজন তীর্থযাত্রীর মৃত্যু হয়। ২২জন তীর্থযাত্রীর আহত হয়েছিলেন এই ঘটনায়। এরপর জম্মু অ্য়ান্ড কাশ্মীর ফ্রিডম ফাইটার্সের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, স্পেশাল স্কোয়াড এই আগুনের পেছনে ছিল। তারাই আইইডি ব্লাস্ট করেছিল।






