মারা গেছেন পশ্চিম বাংলার জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা অনীক দত্ত। আনন্দবাজারসহ কলকাতার সংবাদ মাধ্যমগুলো বলছে, হিন্দুস্তান পার্ক এলাকার বাড়ির ছাদ থেকে পড়ে যান ‘ভূতের ভবিষ্যৎ’ খ্যাত এই নির্মাতা। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, অত্যন্ত সঙ্কটজনক অবস্থাতেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল অনীক দত্তকে। ঘনিষ্ঠদের সূত্রে জানা গেছে, বেশ কিছু দিন ধরে অবসাদে ভুগছিলেন তিনি।
মৃত্যুকালে অনীকের বয়স হয়েছিল প্রায় ৬৬। পাঁচ দিন আগে গত ২২ মে ছিলো নির্মাতার জন্মদিন। এদিন পুরনো স্মৃতি সমাজমাধ্যমে ভাগও করে নিয়েছিলেন পরিচালক। কিন্তু তার ৫ দিনের মধ্যেই তিনি স্মৃতি হয়ে গেলেন।
পরিচালনায় আসার আগে গত দু’দশক ধরে বিজ্ঞাপন জগতের সঙ্গে যুক্ত ছিলেন। বহু বিজ্ঞাপনী ছবি তৈরি করেছিলেন তিনি। ২০১২ সালে ‘ভূতের ভবিষ্যৎ’ ছবির পরিচালনার মাধ্যমে আলোচনায় উঠে আসেন অনীক। এই ছবিকে ঘিরেও তৈরি হয়েছিল বিতর্ক।
তার পর একের পর এক ছবি তৈরি করেছিলেন। সেই তালিকায় রয়েছে আশ্চর্য প্রদীপ, মেঘনাদ বধ রহস্য, বরুণবাবুর বন্ধু এবং অপরাজিত এর মতো আলোচিত সিনেমা।








