এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বিশ্ব ফুটবলে মরক্কোর উত্থান চোখে পড়ার মতো। দলটিকে ‘আফ্রিকান নতুন শক্তি’ বলা হচ্ছে। এবারের বিশ্বকাপে যাদের গ্রুপ সঙ্গী পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। শিরোপা প্রত্যাশী সেলেসাওদের বিপক্ষে দেশটির প্রথম দেখা হচ্ছে এমন নয়। আগেও দেখা হয়েছে কয়েকবার। বিশ্বকাপে গ্রুপপর্বের রাতের ম্যাচের আগে দেখে নেয়া যাক দুদলের পরিসংখ্যানের খতিয়ান।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার ভোর ৪টায় ব্রাজিলের মুখোমুখি হবে মরক্কো। আন্তর্জাতিক মঞ্চে আগে তাদের দেখা হয়েছিল তিনবার- প্রতিযোগিতামূলক এবং প্রীতি ম্যাচে। যেখানে ব্রাজিলের দুই জয়ের বিপরীতে মরক্কোর জয় আছে একটিতে।
প্রথমবার দুদেশের দেখা হয়েছিল ৩০ বছর আগে। ১৯৯৭ সালের অক্টোবরে প্রীতি ম্যাচে ২-০তে জেতে ব্রাজিল। এক বছরের মধ্যে বোর্দোয়াতে দ্বিতীয়বার মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও মরক্কো। বিশ্বকাপের মঞ্চে। ১৯৯৮ সালে গ্রুপপর্বে মরক্কোকে ৩-০তে উড়িয়ে দিয়েছিল ব্রাজিল। প্রথম দুটিতে ব্রাজিল জিতলেও ২০২৩ সালে সবশেষ দেখায় প্রীতি ম্যাচে মরক্কোর কাছে ২-১ গোলে হেরে যায় সেলেসাওবাহিনী।
আফ্রিকার দলগুলোর বিপক্ষে ব্রাজিলের রেকর্ড বেশ ভালো। বিশ্বকাপে আফ্রিকান প্রতিপক্ষের বিপক্ষে ৮ ম্যাচের মধ্যে ৭টিতেই জয় পেয়েছে সেলেসাও দল। একমাত্র হার ২০২২ বিশ্বকাপে, ক্যামেরুনের বিপক্ষে। পরিসংখ্যানের বিচারে ব্রাজিল এগিয়ে, তবে মরক্কোকে নিয়ে সতর্কই থাকতে হবে কার্লো আনচেলত্তির দলকে।
‘সি’গ্রুপে ব্রাজিলের অন্য দুই প্রতিপক্ষ স্কটল্যান্ড ১৯৯৮ সালের পর ও হাইতি ১৯৭৪ সালের পর ফুটবলের সর্বোচ্চ আসরে ফিরেছে। মজার হল, ১৯৯৮ বিশ্বকাপেও ব্রাজিল, মরক্কো ও স্কটল্যান্ড একই গ্রুপে ছিল।
বিশ্বখ্যাত পরিসংখ্যানভিত্তিক সংস্থা অপটা অ্যানালিস্টের তথ্য, এই ম্যাচে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৭.৭ শতাংশ। মরক্কোর জয়ের সম্ভাবনা ১৮.৮ শতাংশ এবং ড্র হওয়ার সম্ভাবনা ২৩.৫ শতাংশ।








