১৯৮৬ এবং ২০২২ বিশ্বকাপে অংশ নিলেও কখনও গ্রুপপর্ব পেরুতে পারেনি কানাডা। তৃতীয়বার বিশ্বকাপে অংশ নিয়ে চমক দেখাচ্ছে এবারের আসরের সহ-আয়োজক দেশটি। গ্রুপপর্বে দাপুটে অবস্থানের পর নকআউটেও জয় তুলে নিয়েছে তারা। রাউন্ড অব-৩২ এ সাউথ আফ্রিকার বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে ১-০ গোলে জিতে শেষ ষোলোর টিকিট কেটেছে তারা। সেখানে তারা মুখোমুখি হবে মরক্কো ও নেদারল্যান্ডস ম্যাচে জয়ী দলের বিপক্ষে।
লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে ম্যাচের একমাত্র গোলটি করেন স্টিফেন এস্তাকুইও।
ম্যাচের শুরু থেকেই আক্রমনাত্মক খেলেছিল কানাডা। একাধিক আক্রমণও করেছিল তবে গোলের দেখা মেলেনি। ৪৪ মিনিটে বড় সুযোগ তৈরি করেছিল স্বাগতিকরা। মোইস বোম্বিতোর হেড জালের দিকেই যাচ্ছিল। সাউথ আফ্রিকা গোলরক্ষক ছিলেন লাইনের বাইরে। লাইনে দাঁড়িয়ে দলকে বাঁচান অব্রে মোদিবা।
একই আক্রমণের আরও একবার শট হয়েছে সাউথ আফ্রিকা গোলমুখে। সেটিও প্রতিহত করেন গোলরক্ষক। যোগকরা সময়ে পেনাল্টির দাবি করেছিল কানাডা। রিচি লারিয়াকে ফাউল করার অভিযোগ তোলে কানাডা। প্রথমে রেফারি পরে ভিএআর পেনাল্টির আবেদন প্রত্যাখ্যান করে। তাতে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়।
৬৫ মিনিটে আরও একবার সাউথ আফ্রিকাকে রক্ষা করেন গোলরক্ষক রনওয়েন উইলিয়ামস। জোনাথন ডেভিডের শট পা বাড়িয়ে রুখে দেন। গোলশূন্য সমতাতেই মূল সময় পেরিয়ে অতিরিক্ত সময়ের দিকে গড়াতে যাচ্ছিল ম্যাচ। তবে যোগকরা সময়ের দ্বিতীয় মিনিটে গোল করে কানাডাকে লিড এনে দেন এস্তাকুইও। বিশ্বকাপে তার প্রথম গোল এটি। পরে লিড ধরে রেখে শেষ ষোলো নিশ্চিত করে কানাডা।







