আলোচনা সমালোচনার মধ্যে দিয়ে শেষ হয়েছে বিশ্বকাপ ফুটবল। যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ড দেখেও ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত ঘিরে বড় সমালোচনা ছিল। সেবিষয় নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশনের (এনএফএফ) সভাপতি লিস ক্লাভেনেজ জানালেন, বিশ্বকাপের এই ঘটনায় একটি আনুষ্ঠানিক নৈতিক অভিযোগ দায়ের করবে তার বোর্ড। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ভুল স্বীকার করতেও বলেছেন তিনি।
এনএফএফ সভাপতি ক্লাভেনেজ বলেছেন, ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর সেই বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করার বিষয়টি ভুল ছিল, তা স্বীকার করতে হবে। বলেছেন, ‘আমরা সবাই জানি এই সিদ্ধান্তটি বাহ্যিক চাপের দ্বারা প্রভাবিত হয়েছিল।’
মার্কিন ফরোয়ার্ড বালোগান বসনিয়ার বিপক্ষে লাল কার্ড দেখলেও ফিফার শৃঙ্খলা কমিটি তার স্বয়ংক্রিয় এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করে। এতে তিনি বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে খেলার সুযোগ পান। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বেলজিয়ামের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচের আগে ইনফান্তিনোকে ফোনে লাল কার্ড পুনর্বিবেচনা করতে বলেছিলেন।
নরওয়ের ফুটবল প্রধান ক্লাভেনেজ বলেছেন, ‘যখন এভাবে কোন নিয়ম ভাঙেন, তখন আপনি এমন এক পিচ্ছিল পথে পা বাড়ান যা পুরো খেলাকে ঝুঁকির মধ্যে ফেলে দেবে। খেলার মৌলিক নিয়মগুলোর সঙ্গে আপোষ করা খেলার জন্য উদ্বেগের বিষয়।’
‘প্রথমত, এমন হওয়া উচিত ছিল না। এখন এ বিষয়ে খোলামেলা আলোচনা হওয়া খুবই জরুরি। আমরা সবাই জানি যে এ রায়টি বহিরাগত শক্তির দ্বারা প্রভাবিত হয়েছে এবং এর পেছনে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। ফিফা প্রধানকে বলতে হবে যে এটি একটি ভুল ছিল।’
‘আপনি যদি রাষ্ট্রীয় নেতা ও রাষ্ট্রীয় রাজনীতির প্রতি এমনভাবে মানিয়ে নিতে শুরু করেন, তা আপনার নিজের ও সংগঠনের আচরণকে বদলে দেবে। সেই সাথে রাষ্ট্রীয় নেতাদের হস্তক্ষেপের সীমারেখাকেও পরিবর্তন করে দেবে। আর সেটাই ঘটেছিল।’

