ক্লাব বিশ্বকাপের পরিসর বাড়ানো এবং ফিফা ঘোষিত সূচি নিয়ে আগে থেকেই দ্বিমত ছিল পেশাদার ফুটবলারদের সংগঠন ফিফপ্রোর। বিষয়টি নিয়ে পুনরায় ভাবার জন্য ফিফাকে আহ্বানও জানিয়েছিল তারা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা সংগঠনটির কথা আমলে না নেয়ায় ফিফার বিরুদ্ধে মামলাই করেছে ফিফপ্রো।
বৃহস্পতিবার বিবৃতিতে মামলার বিষয়টি নিশ্চিত করেছে ফিফপ্রো। সংগঠনের সদস্য ইংলিশ প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশন (পিএফএ) ও ফ্রান্সের প্লেয়ার্স ইউনিয়ন (ইউএনএফপি) ব্রাসেলস কোর্ট অব কমার্সে একটি মামলা দায়ের করেছে। ব্রাসেলস কোর্ট অব কমার্স যেন মামলাটি ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিসে প্রেরণ করেন, সেই আবেদনও করেছে তারা।
সংখ্যা বাড়িয়ে ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫ আসরে ৩২ দল অংশ নেবে। ওই বছর জুনের মাঝামাঝি থেকে জুলাইয়ের মাঝামাঝি সময়ে হতে চলা আসর গড়াবে যুক্তরাষ্ট্রে। দলগুলোর ভ্রমণ ও প্রস্তুতির সময় মিলিয়ে প্রায় ছয় সপ্তাহের নতুন সূচি যোগ হবে খেলোয়াড়দের। যা ফুটবলারদের অতিরিক্ত ব্যস্ততা এবং অতিরিক্ত চাপ বাড়াবে।
একইসঙ্গে বিভিন্ন দেশের লিগগুলো যথাযথভাবে আয়োজনে ব্যর্থ হবে এবং খেলোয়াড়দের অতিরিক্ত চাপ যুক্ত হওয়ায় চোট ঝুঁকি বাড়বে। বিষয়টি চিন্তা করে বিরোধীতা করছে পেশাদার ফুটবলারদের সংগঠন। গতমাসে অপারগতা জানিয়ে ফিফাকে চিঠি দিয়েছিল ফিফপ্রো ও ওয়ার্ল্ড লিগস অ্যাসোসিয়েশন (ডব্লিউএলএ)।
চিঠির পরও নিজেদের অবস্থানে অটল থাকার ঘোষণা দেয় ফিফা। সংস্থাটি জানায়, পূর্ণনির্ধারিত সূচিতে বসবে নতুন আঙ্গিকের ক্লাব বিশ্বকাপ। ফিফার সিদ্ধান্তের পর শেষপর্যন্ত বিষয়টি আদালতে গড়াল।








