লেবাননের সঙ্গে জয়ের লক্ষ্য নির্ধারণ করে ফুটবল বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে অ্যাওয়ে ম্যাচ খেলতে ঢাকা ছেড়েছে বাংলাদেশ। ঘরের মাঠে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের স্কোয়াডে এসেছে পরিবর্তন।
শুক্রবার বিকেল ৫টা ৫০ মিনিটে ম্যাচের ভেন্যু কাতারের উদ্দেশে দেশ ছেড়েছে জামাল ভূঁইয়ার দল। তার আগে সংবাদ বিজ্ঞপ্তিতে দল জানিয়েছে বাফুফে।
কার্ড সমস্যার কারণে অজিদের সঙ্গে দলে না থাকলেও অ্যাওয়ে ম্যাচের স্কোয়াডে আছেন ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। বাদ পড়েছেন মেহেদী হাসান মিঠু। ফরোয়ার্ড পজিশনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দলে থাকা মো. আবদুল্লাহ ও মো. রাব্বি হোসেন রাহুল দলে নেই।
আগামী ১১ জুন বাংলাদেশ সময় রাত ১০টায় লাল-সবুজের দল লেবাননের মুখোমুখি হবে। মধ্যপ্রাচ্যের দেশটিতে রাজনৈতিক অস্থিরতা থাকায় নিরপেক্ষ ভেন্যুতে খেলা গড়াবে।
বাংলাদেশ দল
গোলরক্ষক: মিতুল মারমা, মেহেদী হাসান শ্রাবণ, সুজন হোসেন।
ডিফেন্ডার: বিশ্বনাথ ঘোষ, শাকিল হোসেন, রহমত মিয়া, তপু বর্মণ, তারেক কাজী, ঈসা ফয়সাল, সাদ উদ্দিন, সুশান্ত ত্রিপুরা, রিমন হোসেন।
মিডফিল্ডার: সোহেল রানা, মো. হৃদয়, সোহেল রানা, জামাল ভূঁইয়া, চন্দন রায়, সৈয়দ শাহ কাজেম কিরমানি, মজিবুর রহমান জনি।
ফরোয়ার্ড: শেখ মোরসালিন, রাকিব হোসেন, রকিবুল ইসলাম, শাহরিয়ার ইমন।








