চট্টগ্রাম-৬ (রাউজান) সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীকে আটক করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)।
আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় এ তথ্য নিশ্চিত করেন বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।
তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় চট্টগ্রাম-৬ (রাউজান) সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে আটক করেছে বিজিবি।
এরআগে সোমবার ১৯ আগস্ট সকালে চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চট্টগ্রামের রাউজানের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে আদালতে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগে মামলাটি করেন উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজদৌল্লাহ।
মামলায় চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে প্রধান আসামি করে মোট ২৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৬ জনকে আসামি করা হয়েছে। আসামিরা সবাই রাউজান উপজেলার বাসিন্দা।
আদালত মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।








