১০ বছর বয়সী মেয়ে সারা শরীফের নির্মম হত্যার ঘটনায় তার বাবা উরফান শরীফের আদালতে দেয়া স্বীকারোক্তি নিয়ে যুক্তরাজ্যে আলোড়ন সৃষ্টি হয়েছে। উরফান শরীফ স্বীকার করেছেন যে তার হাতে মেয়ের মৃত্যু হয়েছে।
এনডিটিভি জানিয়েছে, উরফান শরীফ আদালতে বলেন, হ্যাঁ, সে আমার কারণেই মারা গেছে, কিন্তু আমি তাকে আঘাত করতে চাইনি।
২০২৩ সালের ১০ আগস্ট সারা শরীফকে দক্ষিণ-পশ্চিম লন্ডনের ওকিং এলাকার বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। ময়নাতদন্তে তার শরীরে প্রায় ২৫টি হাড় ভাঙা, পোড়া এবং কামড়ের চিহ্ন পাওয়া যায়। আর একদিন আগেই তার বাবা, সৎ মা বেনাশ বাতুল ও চাচা ফয়সাল মালিক পাকিস্তানে পালিয়ে যান। পরে ১৩ আগস্ট আসামিরা যুক্তরাজ্যে ফিরে আসলে তাদের গ্রেপ্তার করা হয়।
ওল্ড বেইলি আদালতে সাক্ষ্য দেওয়ার সময় উরফান শরীফ স্বীকার করেন যে তিনি মেয়েটিকে একটি ক্রিকেট ব্যাট দিয়ে আঘাত করেছিলেন এবং তার ঘাড়ে আঘাত করেছিলেন। যার ফলে সারার মৃত্যুর কয়েক সপ্তাহ আগে তার শরীরে একাধিক ফ্র্যাকচার সৃষ্টি হয়েছিল।








