জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার ঘরে আসছে নতুন অতিথি। তারা বাবা-মা হতে যাচ্ছেন।
মঙ্গলবার সন্ধ্যায় ফারুকী ও তিশা দুজনেই ভেরিফায়েড ফেসবুকে সুখবরটি নিশ্চিত করেন।
হাসি মুখে স্বামী ফারুকীর সঙ্গে সন্তানসম্ভবা তিশা দুটি ছবি পোস্ট করে লিখেন, ‘আলহামদুলিল্লাহ। নতুন বছর, নতুন পরিচয়ের অপেক্ষা।’
মা হতে যাওয়ার কারণে আড়ালে ছিলেন তিশা। এ প্রসঙ্গ টেনে তিনি লিখেছেন, বেশ কিছুদিন ধরে আপনারা জানতে চাচ্ছেন, আমাকে কোথাও দেখা যাচ্ছে না কেনো? আমি কেনো সবকিছুতে অনুপস্থিত? এই ছবিটাতেই নিশ্চয় সবকিছুর উত্তর পাচ্ছেন।
‘আমি অনুপস্থিত কারণ আমার জীবনে একটা সুখবর আসন্ন। আমি এবং ফারুকী আমাদের প্রথম সন্তানের অপেক্ষায় আছি। আপনারা দোয়া করবেন যাতে আমাদের সন্তান মায়ের গর্ভের নিরাপদ আশ্রয় থেকে সুস্থভাবে এই পৃথিবীর আলো বাতাসে আসে।’
২১ জুলাই দাম্পত্যজীবনে ১১ বছরে পা রাখেন ফারুকী তিশা। ভালোবেসে ২০১০ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন নুসরাত ইমরোজ তিশা ও মোস্তফা সরয়ার ফারুকী।








