কাশ্মীরের পাহেলগামে পর্যটকদের হত্যার প্রতিশোধ নিতে পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসী ঘাঁটিগুলোর ওপর ‘অপারেশন সিঁদুরে’ নামে অভিযান পরিচালনা করে ভারতীয় সশস্ত্র বাহিনী। পাল্টা হামলা চালায় পাকিস্তানও। দুই দেশের পাল্টাপাল্টি হামলায় নিহত বেড়ে ৩৬-এ দাঁড়িয়েছে। চলমান অস্থির পরিস্থিতির মধ্যেই এ মাসের শেষ দিকে পাকিস্তান সফরে যাওয়ার কথা বাংলাদেশ দলের। তবে বিসিবি বলছে, এখনও ‘সব ঠিকঠাক আছে’।
১৭ ও ১৯ মে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টুয়েন্টি ম্যাচ, সূচি অনুযায়ী ম্যাচ দুটি খেলে সেখান থেকেই বাংলাদেশ দল পাকিস্তানে যাবে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে। ২৫, ২৭ ও ৩০ মে এবং ১ ও ৩ জুন লাহোর আর ফয়সালাবাদে হবে ম্যাচগুলো। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে-বর্তমান পরিস্থিতিতে পাকিস্তান সফর কতটা স্বস্তির হবে বাংলাদেশ দলের জন্য?
এই সফর নিয়ে জানতে চাইলে বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজুমল আবেদীন ফাহিম চ্যানেল আই অনলাইনকে বলেছেন, ‘এখনও তেমন কোনো সমস্যা হয়নি। যেমন ছিল তেমনই আছে। সবার সঙ্গে যোগাযোগ হচ্ছে। তেমন কোনো সমস্যা আমি দেখছি না। আমি মনে করি, ঠিকঠাক হবে সিরিজ।’







