দক্ষিণ থাইল্যান্ডের একটি বাজারে আতশবাজির গুদামে ভয়াবহ বিস্ফোরণে মারা গেছে অন্তত নয়জন। এছাড়াও আহত হয়েছে ১১৫ জনেরও বেশি মানুষ।
বিবিসি জানায়, মালয়েশিয়ার সীমান্তে সুঙ্গাই কোলোকে স্থানীয় সময় প্রায় ৩টায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
স্থানীয় গভর্নর জানিয়েছেন, বাজারের আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, নির্মাণাধীন ভবনে ইস্পাত ঢালাইয়ের সময় প্রযুক্তিগত ত্রুটির কারণে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের কারণে অনেক দোকান, বাড়ি এবং যানবাহন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
থাইল্যান্ডের নির্মাণ শিল্পের দুর্বল নিরাপত্তা রেকর্ড রয়েছে এবং প্রায়ই মারাত্মক দুর্ঘটনা ঘটে থাকে। গত মাসে রাজধানী ব্যাংককে নির্মাণকাজ চলাকালীন একটি সড়ক সেতু ধসে দুই জনের মৃত্যু হয়।







