অবৈধ সম্পদ অর্জনের মামলায় নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান সুমনকে সাড়ে তিন বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
কারাদণ্ডের পাশাপাশি তাঁদের ৫ লাখ টাকা জরিমানার আদেশ দেন আদালত। জরিমানা অনাদায়ে তাদের আরো ৬ মাসের কারাভোগ করতে হবে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু তাহের এই রায় ঘোষণা করেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
রায় ঘোষণার সময় পাপিয়া ও তার স্বামী আদালতে উপস্থিত ছিলেন। জামিনে থাকা অবস্থায় রায় ঘোষণার পর তাদের জামিন বাতিল করে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত ৭ আগস্ট মামলাটির যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক রায় ঘোষণার জন্য আজ (১৪) দিন ধার্য করেন।
২০২০ সালের ৪ আগস্ট দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১-এর উপ-পরিচালক শাহীন আরা মমতাজ বাদী হয়ে তাদের দুজনের নামে মামলাটি করেন। ‘দুদক আইন, ২০০৪’-এর ২৭(১) ধারায় মামলাটি করা হয়। গত ২০২১ সালের ১১ ফেব্রুয়ারি পাপিয়া দম্পতির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন উপ-পরিচালক শাহীন আরা মমতাজ। ২০২১ সালের ৩০ নভেম্বর আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০১৯ সালের ১২ অক্টোবর থেকে ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত ওয়েস্টিন হোটেলের ২৫টি রুমে অবস্থান করে রুম-নাইট, রেস্তোরাঁর খাবার, মদ, স্পা, লন্ড্রি, মিনি বার ফুড, মিনি বার বাবদ মোট তিন কোটি ২৩ লাখ ২৪ হাজার ৭৬১ টাকার বিল ক্যাশে পরিশোধ করেন পাপিয়া। ওয়েস্টিন হোটেলে থাকা অবস্থায় প্রায় ৪০ লাখ টাকার শপিং করেন। যার কোনো বৈধ উৎস দেখাতে পারেননি। দুদকের অনুসন্ধানে সর্বমোট ছয় কোটি ২৪ লাখ ১৮ হাজার টাকার অবৈধ সম্পদের তথ্যের কথা উল্লেখ করা হয়।
উল্লেখ, অর্থ পাচারের মামলায় ২০২৫ সালের ২৫ মে পাপিয়ার চার বছরের সশ্রম কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৮-এর বিচারক মঞ্জুরুল হোসেন। তবে পাপিয়ার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী, পাপিয়ার সহযোগী সাব্বির খন্দকার, শেখ তায়িবা নূর ও জুবায়ের আলমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তারা খালাস পান।








