ইংল্যান্ড ও ওয়েলসে গড়াতে চলা মেয়েদের ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে না পারায় নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশকে বাছাইপর্ব খেলতে হয়েছে। সেখানে শুরু থেকে দুর্দান্ত করেছে টিম টাইগ্রেস। গ্রুপপর্বে টানা ৪ জয়ের পর সুপার সিক্সে প্রথম ম্যাচে জিতে অপরাজেয় থাকে। টানা পাঁচ ম্যাচ জিতে আগামী জুন-জুলাইয়ে গড়াতে চলা আসরের টিকিট কেটেছে লাল-সবুজের দলটি।
বুধবার সকালে নেপালের মুলপানি স্টেডিয়ামে সুপার সিক্সে প্রথম ম্যাচে থাইল্যান্ডের মেয়েদের ৩৯ রানে হারায় বাংলাদেশ।পরে সমীকরণ ছিল দিনের অন্য ম্যাচে নেদারল্যান্ডস মেয়েরা যদি যুক্তরাষ্ট্রকে হারাতে পারে, দুই ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপে কোয়ালিফাই করে ফেলবে বাংলাদেশ। ৬ পয়েন্ট নিয়ে সুপার সিক্সে শীর্ষে থেকে সেই টিকিট পেয়েছে জ্যোতির দল।
অন্যদিকে যুক্তরাষ্ট্রকে বৃষ্টি আইনে ২১ রানে হারিয়েছে নেদারল্যান্ডস। সমান ৬ পয়েন্ট নিয়ে টেবিলে দুইয়ে থেকে টিকিট কেটেছে ডাচরাও।
বাংলাদেশ সুপার সিক্সে পরের দুটি ম্যাচ খেলবে স্কটল্যান্ড (৩০ জানুয়ারি) ও নেদারল্যান্ডসের (১ ফেব্রুয়ারি) বিপক্ষে।
আগামী ১২ জুন থেকে ৫ জুলাই ইংল্যান্ড ও ওয়েলসে ১২ দলের অংশগ্রহণে গড়াবে মেয়েদের বৈশ্বিক আসরটি। আয়োজক ইংল্যান্ড টিকিট কেটেছে সবার আগে। ২০২৪ মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপের সেরা ৬ দল, ইংল্যান্ড আয়োজক হওয়ায় বাকি ৫ দল অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড ও ভারত সরাসরি যোগ্যতা অর্জন করে। সাথে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় পাকিস্তান ও শ্রীলঙ্কা বিশ্বকাপের টিকিট কাটে।
বাকি চার দল আসবে নেপালে চলতি বাছাইপর্ব থেকে। এপর্যন্ত বাংলাদেশ ও নেদারল্যান্ডস বিশ্বকাপের টিকিট কেটেছে। বাকি দুদল বাকি।








