পার্বত্য জেলাগুলো দেশের সবচেয়ে উন্নত অঞ্চল হওয়ার কথা থাকলেও পেছনে পড়ে আছে মন্তব্য করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এই অঞ্চলকে এগিয়ে নিতে জোর দিতে হবে।
তিনি বলেন, পার্বত্য জনপদের শিক্ষা ব্যবস্থার সংস্কার করা জরুরি।
বুধবার ১১ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় রাঙ্গামাটিতে আয়োজিত পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দের নিয়ে আয়োজিত ‘পার্বত্য জেলা পরিষদ ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
পার্বত্য এলাকার তরুণদের বিশ্ব নাগরিক হয়ে গড়ে ওঠার আহ্বান জানিয়ে পার্বত্য অঞ্চলের উন্নয়নে সরকারের পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা।
নারী ফুটবল টিমে পার্বত্য জেলা থেকে আসা খেলোয়াড়দের সঙ্গে বৈঠকের স্মৃতিচারণ করে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের মেয়েরা ফুটবলে বিশ্বের অন্যান্য দেশের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। আপনাদের এলাকার মেয়েরা কী দুর্দান্ত খেললো! কীভাবে বলবেন পিছিয়ে আছে? যারা আপনাদের এলাকা থেকে এসেছে তাদের সঙ্গে আমি কথা বলেছি। কী কঠিন পরিস্থিতি! কত কষ্ট করে পাহাড় ভেঙে বাড়ি পৌঁছাতে হয়! বাবা-মা ঢাকায় আসলে কত কষ্ট করে তাদের আসতে হয়। এই প্রতিকূলতার মধ্যেই কিন্তু তারা বিশ্বজয় করে এসেছে।







