ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশন ইমা’র আয়োজনে ওয়ালটন মিডিয়া কাপ ক্রিকেটে উড়ন্ত সূচনা করেছে চ্যানেল আই। গ্রুপ ‘এফ’র খেলায় দলটি বাংলা টিভিকে ১১৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে। দুর্দান্ত ব্যাটিং করে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন সজীব দাস।
বনানীর শহীদ যায়ান চৌধুরী ক্লাব মাঠে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে চ্যানেল আই। উদ্বোধনী জুটিতে ঝড় তোলেন নীলাদ্রি শেখর এবং রাহুল রায়। এরপর সজীবের ঝড়ে নির্ধারিত ১০ ওভারে এক উইকেট হারিয়ে ১৯২ রান তোলে চ্যানেল আই।
ডানহাতি ওপেনার নীলাদ্রি ১৬ বলে খেলেন ৫৬ রানের ঝড়ো ইনিংস। তার আউটের পর রাহুলের সাথে যোগ দিয়ে সজীব বাংলা টিভির বোলারদের তুলোধুনা করে খেলেন ১৭ বলে ৮৪ রানের ইনিংস। রাহুলের থেকে আসে ৩২ রান।
১৯৩ রানে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে বাংলা টিভি ৫ উইকেট হারিয়ে তোলে মাত্র ৭৬ রান। বোলিংয়ে দুই ওভারে দুই উইকেট নেন চ্যানেল আইয়ের ফাহাদ। একটি করে উইকেট নেন আবির অনয় ও সজীব। ৮৪ রান ও এক উইকেটে ম্যাচসেরার পুরস্কার উঠে সজীবের হাতে।

চ্যানেল আই গ্রুপপর্বের অন্য ম্যাচটি খেলবে চ্যানেল নাইনের বিপক্ষে আগামী ৭ মার্চ।








