সোমালিয়ার রাজধানী মেগাদিশুর একটি কারাগারে নিরাপত্তাবাহিনী ও কয়েদিদের মধ্যে বন্দুকযুদ্ধে আটজন নিহত হয়েছে। শনিবার (১৩ জুলাই) সশস্ত্র কয়েদিরা পালানোর চেষ্টা করলে এ বন্দুকযুদ্ধ হয়।
দেশটির সেনাবাহিনীর কাস্টোডিয়াল কর্পের মুখপাত্র কর্নেল আবদিকানি খালাফ বলেছেন, বন্দুকযুদ্ধে পাঁচজন বন্দী এবং তিনজন সৈন্য নিহত হয়েছে। এ ঘটনায় আরও ১৮ জন বন্দী ও তিনজন সৈন্য আহত হয়েছেন। তবে কোনো কয়েদি পালিয়ে যেতে পারেনি।
নিরাপত্তা সূত্র জানায়, যেসব কয়েদিরা পালানোর চেষ্টা করেছিল তারা আল-কায়েদা-সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠী আল-শাবাবের সদস্য ছিল। তাদের বিশেষ পরিকল্পনায় পালিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল।
সোমালিয়া ন্যাশনাল টেলিভিশন এক্স হ্যান্ডেলে জানিয়েছে, নিরাপত্তা সূত্রগুলি ‘একটি অপারেশন শেষ করেছে’, যেখানে ‘মৃত্যুদণ্ডপ্রাপ্ত সন্ত্রাসীরা কারারক্ষীদের উপর হামলা করেছিল।’ নিহত পাঁচজন বন্দী ছিল সন্ত্রাসী বন্দী।’
স্থানীয়রা গ্রেনেড বিস্ফোরণ ও গুলির শব্দ শুনতে পেয়েছেন। আবদি রহমান আলী নামে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন ‘কারাগারের ভেতরে একটি বিস্ফোরণ ঘটে এবং ব্যাপক গোলাগুলি হয়।
জানা যায়, সশস্ত্র সংগঠন আল-শাবাব ১৭ বছরেরও বেশি সময় ধরে মোগাদিশুতে ভঙ্গুর কেন্দ্রীয় সরকার পতনের জন্য লড়াই করছে। রাজধানী এবং দেশের অন্যান্য অংশে অসংখ্য বোমা হামলা ও অন্যান্য হামলা চালিয়েছে। এই বছরের শুরুর দিকে আল-শাবাব দাবি করেছে যে, তারা দেশের কেন্দ্রে একাধিক অবস্থান নিয়েছে।








