কানাডার স্থানীয় সময় বুধবার (২৭ মে) পবিত্র ঈদুল আজহা পালিত হবে। কানাডার ক্যালগেরিতে পবিত্র ঈদুল আজহার জামাত বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হবে। মাল্টিকালচারালিজমের দেশ কানাডায় বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা এ সময় ঈদের নামাজ আদায় করবেন।
কানাডার ক্যালগেরিতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে আকরাম জুম্মা মসজিদে সকাল সাতটায়, দ্বিতীয় ঈদের নামাজ সকাল সাড়ে আটটায় এবং তৃতীয় ঈদের নামাজ সকাল দশটায়।
ঈদের নামাজের ইমামতি করবেন মুসলিম কাউন্সিল অফ ক্যালগেরির সিনিয়র ইমাম শেখ জামাল হামমৌদ এবং ইমাম শেখ ইউসুফ ট্রায়া। বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা একত্রিত হয়ে এ সময়ে ঈদের নামাজ আদায় করবেন। এই সময়ে প্রচুর সংখ্যক প্রবাসী বাঙালিরাও নামাজে অংশ নিবেন।
এছাড়াও বাংলাদেশ কমিউনিটির মসজিদ বিএমআইসিসিতেও ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। ঈদের প্রথম নামাজ বিএমআইসিসি মসজিদে সকাল সাড়ে সাতটায় এবং দ্বিতীয় ঈদের নামাজ সকাল সাড়ে আটটায় সময়ে অনুষ্ঠিত হবে। ধর্মপ্রাণ মুসলমানেরা বরাবরের মতো সকাল থেকেই এখানে নামাজের জন্য জড়ো হতে থাকবেন এবং মহিলাদের সুবিধার জন্য আলাদা জায়গায় নামাজের ব্যবস্থা করা হয়েছে।
এছাড়াও বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা তাদের নিজ নিজ কমিউনিটিতে সকাল থেকেই নামাজ আদায় করবেন।
উল্লেখ্য বরফাচ্ছন্ন কানাডায় এবারের ঈদের দিনটি কর্মদিবস থাকায় অনেক ধর্মপ্রাণ মুসলমানরা আগে ভাগেই ঈদের নামাজ আদায় করে কেউ কেউ অফিস করবেন, অনেকেই আবার কোরবানি দিতে শহরের অদূরে ফার্মে যাবেন। কানাডায় নির্দিষ্ট স্থানে কোরবানি দেওয়া বাধ্যতামূলক।








