আসছে ঈদুল ফিতর। ঈদের এই উৎসবে দর্শককে সর্বোচ্চ বিনোদন দিতে চমকপ্রদ নানান অনুষ্ঠান নিয়ে শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত টেলিভিশন সংশ্লিষ্টরা। ঈদের অনুষ্ঠানে দর্শকের প্রথম পছন্দ বাংলা নাটক। সেটাকেই প্রাধান্য দিয়ে চ্যানেল আই নিয়ে আসছে দারুণ সব গল্পের নাটক।
তারই একটি জনপ্রিয় নির্মাতা মিজানুর রহমান আরিয়ানের ‘শুরুটা সুন্দর’। পরিচালনার পাশাপাশি নাটকটির রচনাও আরিয়ানের নিজের। নাটকের প্রধান চরিত্রে অভিনয় করছেন তৌসিফ মাহবুব ও তাসনিয়া ফারিণ। এছাড়াও আরও অভিনয় করেছেন মানস বন্দ্যোপাধ্যায়, মিলি বাশার প্রমুখ।
নাটকের গল্পে দেখা যাবে, তানভীর আর শায়নার প্রেমের বয়স ৩ বছর। বিয়ে করবে বলে ডিসিশন নিয়েছে। আবার একটু ঝগড়া হলে দুজন বলে বসে ‘তোমার সাথে আমার বিয়ে ২ বছরও টিকবে না।’ বিয়ের অনুষ্ঠানে অনেক খরচ। তাই তানভীরকে দিনরাত কাজ করতে হচ্ছে একটু বাড়তি আয়ের জন্য। তানভীরের বাবা মা সেটা দেখে। ছেলেকে প্রয়োজনের চেয়ে বেশী পরিশ্রম করতে নিষেধ করে, টেনশন না করতে বলে। এতো টেনশন, পরিশ্রম করে ধুমধাম করে কেন বিয়ের অনুষ্ঠান করতে হবে? তার বাবা মার বিয়ে হয়েছে উঠানে, ছোট করে। কিন্তু তারা কি আজ ২৯ বছর ধরে সংসার করছে না? ভালো আছে না? বোঝায় তানভীরের বাবা মা।
তানভীর শায়নার সাথে শেয়ার করে বিষয়টা। দুজনের মাথায় এক ভালো প্ল্যান আসে। বিয়ের অনুষ্ঠান ধুমধাম না করে বরং বিয়ের পর ২০-৩০ বছর একসাথে কাটাতে পারলে সেটার সেলিব্রেশনটা ধুমধাম করে হওয়া উচিত। চলে দুজনের বিস্তর প্ল্যান। শেষ পর্যন্ত কী হয়?
জানতে হলে চোখ রাখতে হবে চ্যানেল আইয়ের পর্দায়। নাটকটি প্রচার হবে ঈদের দ্বিতীয় দিন রাত ৯টা ৩৫ মিনিটে।








