ম্যানচেস্টার সিটির সঙ্গে আগেই চুক্তি সম্পন্ন হয়েছিল ‘নতুন মেসি’ খ্যাত ক্লদিও এচেভেরির। ২০২৪ সালের জানুয়ারিতে রিভার প্লেট থেকে ইংলিশ ক্লাবটিতে নাম লেখান ১৯ বর্ষী আর্জেন্টাইন। এতদিন ধারে রিভার প্লেটেই ছিলেন। এবার আনুষ্ঠানিকভাবে সিটির খেলোয়াড় হলেন তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার।
চুক্তি অনুযায়ী গত জানুয়ারিতে সিটিতে যোগ দিতে পারতেন এচেভরি। তবে অনূর্ধ্ব-২০ সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপে খেলায় তা হয়নি। অবশেষে তার সিটির হয়ে খেলার স্বপ্নপূরণ হতে চলেছে। বৃহস্পতিবার জার্সিও বুঝে পেয়েছেন সিটিতে। ইংলিশ ক্লাবটির হয়ে ৩০ নম্বর জার্সিতে দেখা যাবে তাকে।
সিটির সঙ্গে তার চুক্তি ২০২৮ পর্যন্ত। রিভার প্লেট থেকে এক কোটি ২৫ লাখ পাউন্ডে সাড়ে চার বছরের চুক্তিতে এচেভেরিকে নেয় সিটি।
সিটিতে যোগ দিয়ে এচেভেরি বলেছেন, ‘বলে বোঝাতে পারব না আমি এখানে এসে কতটা রোমাঞ্চিত। অবশেষে এখন নিজেকে ম্যানচেস্টার সিটির খেলোয়াড় বলতে পারছি। ফুটবল আমার জীবন।’
‘আমার স্বপ্ন হচ্ছে ইউরোপের সেরা একটি দলের হয়ে খেলা। আজ আমার স্বপ্নের নিকটে চলে এলাম। ম্যানচেস্টার সিটি বিশ্বের সেরা দলগুলোর একটি। তারা শুধু ট্রফি জিতছে এমন নয়, তারা খেলেও খুব সুন্দর। তারা সবার জন্য দৃষ্টান্ত। তারা মানুষকে দেখিয়েছে, কীভাবে সেরা ফুটবল খেলতে হয়। আমি অনেক আনন্দিত।’
সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপে ৯ ম্যাচে ৬ গোল করে প্রতিযোগিতার দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা ছিলেন আর্জেন্টাইন তরুণ তারকা।







