কক্সবাজারে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে ‘আধিপত্য বিস্তারের জেরে’ দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত হয়েছেন।
রোববার (১০ নভেম্বর) বিকেল ৫ টায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের সি-৫ ব্লকে এ ঘটনা ঘটে বলে জানান টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।
নিহত মোহাম্মদ জোবায়ের (২৮) একই এলাকার মোহাম্মদ আমিনের ছেলে।
স্থানীয়দের বরাতে মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, বিকেলে মোহাম্মদ জোবায়ের নিজের বাসার পাশে স্থানীয় কয়েকজন লোকের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। এক পর্যায়ে একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছুড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটে পড়ে। এসময় স্থানীয়রা ঘটনাস্থলের দিকে এগিয়ে দুর্বৃত্তরা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা গুলিবিদ্ধ জোবায়েরকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।








